মুখোমুখি

“অধিকাংশ চলচ্চিত্র নির্মাতাদেরই মানুষ ভুলে যাবে” — পিটার গ্রিনঅ্যাওয়ে

By Sumantta •
“অধিকাংশ চলচ্চিত্র নির্মাতাদেরই মানুষ ভুলে যাবে” — পিটার গ্রিনঅ্যাওয়ে

ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট (বিএফআই) ২০২২ সালের ডিসেম্বরে ‘ফ্রেমস অব মাইন্ড: দ্য ফিল্মস অব পিটার গ্রিনঅ্যাওয়ে’ নামে একটি রেট্রোস্পেক্টিভ আয়োজন করে। তার কিছুদিন আগে বিএফআই এর পক্ষ থেকে লিলিয়ান ক্রফোর্ড (প্রোগ্রামার ও কিউরেটর) গ্রিনঅ্যাওয়ের বর্তমান আবাসস্থল আমস্টারডামের বাড়িতে যান। সেখানে সিনেমা, পেইন্টিং, ইতিহাস, মিথ, আইডিয়া, টেকনোলজি, এবং মুরুব্বিদের পছন্দের বিষয়—মৃত্যু প্রসঙ্গে বেশ সাবলীল একটা আলাপ হয়। সাক্ষাৎকারটি ১৭ নভেম্বর, ২০২২ বিএফআই এর ওয়েবসাইটে প্রকাশিত হয়। DUFS Blog এর জন্যে সাক্ষাৎকারটি অনুবাদ করেছেন চলচ্চিত্র সংসদকর্মী সুমন্ত সরকার অর্পন। 

 

এব্যাপারটা কবে থেকে শুরু হলো, নিজের ক্যারিয়ারের দিকে পেছন ফিরে তাকানো?

পিটার গ্রিনঅ্যাওয়ে: চল্লিশ বছর আগে, ১৯৮২’র ভেনিস ফিল্ম ফেস্টিভালে বানানো দ্য ড্রটসম্যান’স কনট্র্যাক্ট ছবিটা দেখতে গিয়ে। বিএফআই ছবিটা রিমাস্টার করেছে; আর সত্যি বলতে, চমৎকার কাজ হয়েছে। আমি ষাটের ওপর ছবি বানিয়েছি—নানান ধরনের এসব ছবিতে প্রায় পঞ্চাশ বছর ধরে যা কিছু আমায় এন্টারটেইন করে এসেছে, সেগুলোই নিয়ে আসার চেষ্টা করেছি। মাঝেমধ্যে নিজের ফিল্মোগ্রাফির দিকে তাকালে নিজেই চমকে উঠি—“আরে, এই ছবি আমি বানিয়েছি!” মনে হয় যেন অন্য কারুর কাজ।

একজন শিল্পী হিসেবে নিজের ক্যারিয়ারের দিকে ফিরে তাকালে, কেবল চলচ্চিত্র নির্মাতার পরিচয় কিছুটা হলেও সংকীর্ণ ঠেকে কি?

গ্রিনঅ্যাওয়ে: আমি কখনোই ঠিক ফিল্মমেকার হতে চাইনি। কিশোর বয়সে আমার সবচেয়ে বেশি আগ্রহ ছিল পেইন্টিং নিয়ে। আমি এখনো পেইন্টিংকে শিল্পমাধ্যম হিসেবে আরো গভীর বলব। যদি দক্ষিণ ফ্রান্সের গুহাচিত্রগুলির কথা ভাবেন, পেইন্টিং পয়তাল্লিশ হাজার বছর পুরনো, যেখানে সিনেমা মাত্র ১৮৯৫ এর ক্রিসমাসে সেই ফ্রান্সেই আবিষ্কার হয়েছে। তাহলে হিসাবটা কী দাঁড়াচ্ছে, ১২০ বছর। ৪৫ হাজার বছর ধরে চলে আসা ইমেজ সংরক্ষণের এই ধারার সাথে সেদিনকার মুভিং ইমেজ বানানোর আইডিয়ার কোনো তুলনাই চলে না। 

স্মৃতি ছাড়া আমরা কিছুই না

আপনি কী শিল্পের মধ্যে ক্রমবাচক সম্পর্কে বিশ্বাস করেন?

গ্রিনঅ্যাওয়ে: জানেন কিনা, সাইট অ্যান্ড সাউন্ড চলচ্চিত্র নির্মাতাদের দুনিয়ার সেরা দশ ছবির নাম জিজ্ঞেস করে বেড়াচ্ছে। ছেলেমানুষি খেলা, নাকের বদলে নরুণ আরকি। আবার, এতে হয়তো কোনটা গুরুত্বপূর্ণ, কোনটা গুরুত্বপূর্ণ নয়, মানুষের সেই চিন্তাটাও স্পষ্ট হয়। আমার তথাকথিত সেরা দশ ছবি হয়তো অনেকের কাছেই বেশ অপরিচিত ঠেকবে। যেমন ধরুন, আমার সন্দেহ আছে কয়জন হলিস ফ্র্যাম্পটন এর কাজের ব্যাপারে জানে। কিন্তু মনে হয় আমার দেখা সেরা ছবি হলো আলা রেনের লাস্ট ইয়ার অ্যাট মেরিনবাদ (১৯৬১), আঠার বছর বয়সে প্রথম দেখেছিলাম। অসাধারণ ছবি! জীবনের সবচেয়ে বড় রহস্য হলো স্মৃতি, আর এই সিনেমা সেই রহস্যটাকে প্রায় ধরতে পেরেছে, অন্তত কাছাকাছি পৌঁছুতে পেরেছে। স্মৃতি ছাড়া আমরা কিছুই না।  

আলা রেনের লাস্ট ইয়ার অ্যাট মেরিনবাদ (১৯৬১) আলা রেনের লাস্ট ইয়ার অ্যাট মেরিনবাদ (১৯৬১)

আপনার কি মনে হয়, কালোত্তীর্ণ কাজগুলো পরবর্তী প্রজন্মের কাছে চলচ্চিত্রের প্রাসঙ্গিকতা ধরে রাখতে কোনো ভূমিকা রাখে?

গ্রিনঅ্যাওয়ে: আইজেনস্টাইন, যাকে আমি গভীরভাবে শ্রদ্ধা করি, উনাকে নিয়ে একটি ছবি বানিয়েছিলাম। ওখানে আইজেনস্টাইনের কথাটাই একটু ঘুরিয়ে বলার চেষ্টা করি যে, অধিকাংশ চলচ্চিত্র নির্মাতাদেরই মানুষ ভুলে যাবে। সিনেমার মধ্যে একটা ক্ষণজীবীতার ব্যাপার আছে, প্রযুক্তির দিক থেকে সুক্ষ্ম হওয়া সত্ত্বেও। হয়তো আমার পরের চার প্রজন্মে গিয়ে শুনতে হবে, “সিনেমা? সেটা আবার কী?’ আমরা হয়তো এতদূর এগিয়ে যাব যে, সিনেমা একটা ফেলে আসা সময়ের অপরিচিত ধারণা হয়ে থেকে যাবে। সিনেমা নিয়ে আমার এই  বিচার এসেছে মূলত এর ব্যাপক ও দ্রুত পরিবর্তনগুলো দেখে। 

আপনি কি নিজের চলচ্চিত্রে দীর্ঘ সময় বেঁচে থাকার সেই শক্তি দেখতে পান না?

গ্রিনঅ্যাওয়ে: আপনাকে একটু হতাশ করতে হচ্ছে। আমি নিজের সিনেমার চেয়ে পেইন্টিং নিয়ে বেশি আগ্রহী।  

সত্যি বলতে, আমিও এমনটাই ধারণা করেছিলাম। আপনার পেইন্টিংগুলো সিনেমার থেকে কোন দিক দিয়ে আলাদা?

গ্রিনঅ্যাওয়ে: আচ্ছা, খুব ভালো সিনেমাতেও একটা ছবি কীভাবে কাজ করে, তার একটা নিজস্ব ধরন আছে। আবার বলি, যদিও এতে অনেকে বিরক্ত হবে, ছবি আসলে গল্প বলার চেয়ে সিনেমা তৈরিতে বেশি কার্যকর। আমরা সিনেমার মাধ্যমে গল্প বলার যে একটা বাঁধাধরা নিয়ম বানিয়েছি, সেটা ভালো বুদ্ধি নয়। এটা বরং সাহিত্যের ক্ষেত্রে সবদিক থেকেই বেশি প্রযোজ্য। কিন্তু একবাক্যে কিছু একটা বলার বুদ্ধিটা আমার ভালো লাগে, সেরা পেইন্টিংগুলোও কিন্তু এই কাজই করে; কোনো একটা আইডিয়া, ঘটনা বা স্মৃতি, একটা ছবির মধ্যে নিয়ে আসার ব্যাপারটা। আমি মনে করি ইংলিশ কালচারে বেশিরভাগ লোকেরই ভিজ্যুয়াল নিয়ে কোনো জানাবোঝা নেই, সিনেমার ক্ষেত্রে তো বটেই। বাড়াবাড়ি করে ফেলছি নাকি?

আমার আসলে কৌতূহল বাড়ছে, কারণ আপনি সিনেমায় যেভাবে পেইন্টিং নিয়ে আসেন—হোক সেটা নাইটওয়াচিং (২০০৭) এ রেমব্র্যান্ট এর ছবি অথবা আ জেড অ্যান্ড টু নটস (১৯৮৫) এর ভারমিয়ের এর ছবি। এখানে আপনি কি আসলে দর্শকদের ভিজ্যুয়াল লিটারেসির ওপরই নির্ভর করছেন না?

গ্রিনঅ্যাওয়ে: দেখুন, আমরা এখানে ইংরেজিতে কথা বলছি। আমাদের শব্দভান্ডার বিশাল। শেকসপিয়ার মোটামুটি আশি হাজার ব্যবহার করে গেছেন। গড়পড়তা লোকজন সম্ভবত এর অর্ধেক দিয়েই কাজ চালায়। কিছু পত্রপত্রিকা হিসাবে নিলে সংখ্যাটা অতোও না। কিন্তু আমাদের ভাষা রূপক আর উপমা দিয়ে ভর্তি, যেগুলো নিয়ে কাজ করাটাও বেশ আনন্দদায়ক, অন্তত আমার কাছে। ইমেজ তৈরির বেলায়ও আমাদের একই আগ্রহ কেন কাজ করবে না? ভাষা একটা দীর্ঘ ঐতিহাসিক পথ-পরিক্রমার ফসল; পেইন্টিংয়ে আমরা যা কিছু দেখি, সেটাও। সময়ের বিচারে অতোদূর না গেলেও, গভীরতার হিসাবে অবশ্যই। 

কিন্তু লোকে টেক্সট নিয়ে যে আগ্রহ দেখায়, ইমেজ নিয়ে ততোটাও নয়। আমি সারাক্ষণ ইমেজের শক্তির দিকটা তুলে ধরছি। জেনেসিসে এভাবে বলা আছে যে, সৃষ্টির আদিতে ছিল শব্দ। বাজে কথা! যখন ঈশ্বর আদমকে সৃষ্টিজগতের সকলকিছুর নাম ঠিক করতে পাঠালেন, সে কীভাবে কোনোকিছু না দেখে সবকিছুর নাম ঠিক করবে? আমি একবার একটা এক্সিবিশন করেছিলাম ভেনিস বাইয়েনিয়াল এ, যেটার টাইটেল ছিল ‘আদিতে ছিল ছবি’ (In the beginning was the image)। আমি ইমেজের এই গভীরভাবে প্রাসঙ্গিক দিকটা তুলে ধরতে চাই, এর পক্ষে যত বেশি সম্ভব রেফারেন্স হাজির করে। দর্শক সবক’টা ধরতে পারল কিনা, সেটা সবসময়ই অনিশ্চয়তায় ঘেরা।

নাইটওয়াচিং (২০০৭) ছবির একটি দৃশ্যে রেমব্র্যান্টের চরিত্রে ব্রিটিশ অভিনেতা মার্টিন ফ্রিম্যান নাইটওয়াচিং (২০০৭) ছবির একটি দৃশ্যে রেমব্র্যান্টের চরিত্রে ব্রিটিশ অভিনেতা মার্টিন ফ্রিম্যান

দর্শক রেফারেন্স ধরতে পারল কিনা, এতে কি আপনার কিছু যায় আসে?

গ্রিনঅ্যাওয়ে: স্করসেজি বা স্পিলবার্গের একটা সিনেমায় হয়তো একশটা আইডিয়া আছে, কিন্তু  বেশিরভাগ লোকে বড়জোড় পঞ্চাশটা ধরতে পারবে। মজার ব্যাপার হলো, যে পঞ্চাশটা আইডিয়া ধরতে পেরেছে, তার মতো অন্য সবাই সেগুলো ঠিক একইভাবে বোঝে না। জিনিসটা রাইফেলের গুলির চেয়ে ছররা গুলির সাথে বেশি মেলানো যায়। সিনেমার মাধ্যমে নতুন নতুন আইডিয়ার জন্ম দেওয়া ও সেগুলো দেখানোর সম্ভাবনা এতই ব্যাপক যে, কোনো না কোনোভাবে সংযোগ স্থাপনের ব্যাপারটা সবসময়ই গুরুত্বপূর্ণ থাকবে। 

আপনার পরেরদিকের সিনেমাগুলোর অনেকক’টাই আত্মজৈবনিক। যাইহোক, আমার মনে হয়, ঐতিহাসিক বয়ানের বেলায় সত্যতা তুলে ধরার কোনো বাহানা সেখানে নেই। 

গ্রিনঅ্যাওয়ে: হ্যাঁ, আমার তাতে কোনো আগ্রহও নেই। সিনেমা কখনো বাস্তব কিছু ছিল বলে আমার মনে হয় না। এটা অনেক বেশি কল্পনা আশ্রিত। আমার নায়কদের অনেকেই দক্ষিণ আমেরিকার ঔপন্যাসিক, বিশেষত বোর্হেস আর মার্কেজ—তাদের বাস্তবতার মধ্যে ঢুঁ মেরে আবার বেরিয়ে আসার ক্ষমতা। বাস্তবতা আমার ঘরের সামনের রাস্তাতেই ঘটছে; আমি আবার সেটা সিনেমায় তৈরি করতে যাব কেন? আমাদের সবচেয়ে বড় শক্তি সম্ভবত কল্পনাশক্তি। তাহলে চলুন, সেটাকেই ভালোভাবে এই সিনেমা বানানোর প্রক্রিয়ায় নিয়ে আসা যাক। 

আমি ভাবছিলাম আপনার ডকুড্রামা ধাঁচের চলচ্চিত্রগুলো নিয়ে, যেমন ধরুন গোল্টজিয়াস অ্যান্ড দ্য পেলিকান কোম্পানি (২০১২)। ডকুমেন্টারি আর ফিকশনের এই সংযোগে আসলে ঠিক কী হাসিল হয়?

গ্রিনঅ্যাওয়ে: যত বয়স হচ্ছে তত ফিকশন পড়া কমছে, আর ফ্যাক্টের দিকে ঝোঁক বাড়ছে। আমি প্রচুর ইতিহাস নিয়ে ঘাঁটাঘাঁটি করি, আর ইতিহাসের গল্প বলার ব্যাপক ক্ষমতা আছে। পেইন্টারদের নিয়ে আমার পরের দিকের ছবিগুলোর অনুপ্রেরণা এখান থেকেই। হলফ করে বলতে পারি, আমি ছবি বানানোর আগে অধিকাংশ লোকেই গোল্টজিয়াসকে চিনত না। দারুণ একটা ক্যারেক্টার, আমি আপনাকে বলছি উনি বাস্তবেই ছিলেন। কিন্তু আমি কেবল একজন হারিয়ে যাওয়া চরিত্রকে ফিরিয়ে আনতে আগ্রহী না। একজন প্রিন্টমেকার হিসেবে উনি যা করে গেছেন আর একজন ফিল্মমেকার হয়ে আমি যা করি, এই দুইয়ের মধ্যে একটা সমান্তরাল সম্পর্ক স্থাপনের দিকে বরং আমার ঝোঁক বেশি। সিনেমাও তো একধরনের প্রিন্টমেকিং ছাড়া আর কী? আমরা একই জিনিসের শতশত হুবহু কপি বানিয়ে সবদিকে ছড়িয়ে দেই। নিজের সময় নিয়ে কথা বলতে না পারলে শুধু ইতিহাস কপচিয়ে কোনো লাভ নেই। 

ঐতিহাসিকদেরও এন্টারটেইনিং হতে হয়

আপনি সিনেমায় যেভাবে কোনো ঘটনা ব্যাখ্যা করেন, সেটাকে একজন ঐতিহাসিকের কাজের চেয়ে কোন দিক থেকে আলাদা বলে মনে করেন?

গ্রিনঅ্যাওয়ে: কেউ কখনো বলেছিল, ইতিহাস হলো সাহিত্য। লোকেই ইতিহাস তৈরি করে, কারণ যত নিখুঁতভাবেই ডকুমেন্টেশন করেন না কেন, আপনি আসলে কোনোকিছুই প্রমাণ করতে পারবেন না। অধিকাংশ ঐতিহাসিকই ভিজ্যুয়ালের চেয়ে লিখিত প্রমাণের ওপর বেশি নির্ভরশীল; যদিও এইসব লেখাপত্র একটা পেইন্টিংয়ের চেয়ে কোনো অংশেই কম না। ঐতিহাসিকদেরও এন্টারটেইনিং হতে হয়, নাহলে আমরা তো সেগুলো পড়ব না। 

ন্যারেটিভ পুরোপুরি বাদ দিলে, আপনার এধরনের এন্টারটেইনমেন্ট তো বিপদে পড়ে যায়। আপনার শুরুর দিকের কাজ যেমন, দ্য ফলস (১৯৮০) এবং দ্য ড্রটম্যানস কনট্রাক্ট, ওগুলোতে একরকম সারল্য ও ছন্দ ছিল। প্যাটার্ন আর সিকোয়েন্স নিয়ে আপনার আগ্রহ কী ন্যারেটিভের চেয়ে আলাদা?

গ্রিনঅ্যাওয়ে: ঠিক ধরেছেন, আমি ন্যারেটিভ নিয়ে অতো আগ্রহী নই। এ জিনিস হলো সিনেমার ওপর চেপে বসা সাহিত্যের ভুত। যেটা আমার লক্ষ্য, অনেকের কাছেই হয়তো পাগলামো মনে হবে, তা হলো সিঙ্গুলার স্টেটমেন্ট স্টাইলে একধরনের নন-ন্যারেটিভ সিনেমার ধারা তৈরি করা, যেটা খুবই দারুণভাবে পেইন্টিংয়ে ঘটে। যেমনটা আপনি বলছিলেন, আমি খুবজোড় চেষ্টা করি সিস্টেম অনুযায়ী কাজ করতে। হ্যাঁ, আমি ন্যারেটিভকে পুরোপুরি ফেলে দিচ্ছি না। সিনেমার দিক থেকে, এটা সুইসাইডাল। যদি অধিকাংশ লোকে সিনেমা হলে যায় একটা ভালো গল্প উপভোগ করতে, আর আমি তাদের ন্যারেটিভ থেকে বঞ্চিত করি, তাহলে তো আমাকে অন্য কোনো উপায়ে তাদের বসিয়ে রাখতে হবে।

উদাহরণ হিসেবে দ্য কুক, দ্য থিফ, হিজ ওয়াইফ অ্যান্ড হার লাভার (১৯৮৯) সিনেমার কালারের কথা বলা যায়, আর ড্রাউনিং বাই নাম্বারস (১৯৮৮) এ, নাম শুনেই আন্দাজ করা যাচ্ছে, সংখ্যাতত্ত্ব। সবগুলো ছবিতেই একধরনের প্রচ্ছন্ন দম্ভ আছে। বিরানব্বই—ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা, যার অর্থ হয় মানবসভ্যতার সর্বোচ্চ সাফল্য অথবা এর পুরোপুরি ব্যর্থতা, আমার সব কাজেই দেখতে পাবেন। বিষয়টা একটু আধ্যাত্মিক শোনায়, কিন্তু আমার ধারণা আমাদের অনেকেরই সংখ্যা আর সিস্টেম নিয়ে আগ্রহ আছে। 

আপনার এই সিস্টেমগুলো যে ধারাবাহিকতা তৈরি করে, সেটা মিউজিকের মাধ্যমেও স্পষ্ট হয়।

গ্রিনঅ্যাওয়ে: আমারও তাই মনে হয়। মাইকেল নিম্যান আর ষাটের দশকের নিউ ইয়র্কের মিনিমালিজমের কথাই ধরুন, পুরোটাই কিন্তু সিকোয়েন্স আর প্যাটার্নের খেলা। মাইকেল নিম্যানের বাহাদুরিটা ছিল উনি এর সাথে হেনরি পারসেলের মতো ইংলিশ-ব্যারোক মিউজিশিয়ান, এমনকি তারও আগের একই ঘরানার কম্পোজারদের মেলাতে পেরেছিলেন; হোক সেটা পুরোপুরি আলাদা একটা সময়ের আলাদা অর্কেস্ট্রেশন, আলাদা ভাবনাচিন্তা।

আমার সবসময়ই মনে হতো যে, মানুষের অধিকাংশ চাওয়া-পাওয়াতেই কোনো নতুনত্ব নেই। সবকিছু আমাদের অতীত অভিজ্ঞতা থেকে জন্ম নেওয়া। আজকাল মার্ভেল কমিকসের সিনেমাগুলোই তো দাপিয়ে বেড়াচ্ছে, তাই না? ওরাও কিন্তু প্রাচীন পৌরাণিক কাহিনিগুলো থেকেই রসদ জোগাড় করে, হোক সেটা স্ক্যান্ডিনেভিয়ান কিংবা গ্রিক। আমরা জাস্ট সবকিছু রিমেক করছি। নাইটওয়াচিং এর কথাই ধরুন, আমি রেমব্র্যান্টকে নিয়ে একটি ছবি বানিয়েছিলাম; আপনি রেমব্র্যান্টের ব্যাপারে কিছু না কিছু জানেন—আমি আপনার জানাশোনার সীমানার মধ্যেই নতুন আইডিয়া ঢোকানোর রাস্তা খুঁজে নিচ্ছি।

কম্পোজার মাইকেল নিম্যান কম্পোজার মাইকেল নিম্যান

রেমব্র্যান্টের পেইন্টিং দেখে যতদূর ধারণা পাওয়া যায়, এই আইডিয়াগুলো যেন তারচেয়েও গভীরে তাকাতে বলে। এভাবে আপনি যেন মানুষটার একটা শরীর তৈরি করেন, আর সেখানে জুড়ে দেন যৌনতা ও নশ্বরতা।

গ্রিনঅ্যাওয়ে: গ্রিকদের দুটো প্রচলিত শব্দ ছিল—এরস আর থ্যানাটোস। ওরা আমাদের জীবনের বুকএন্ড এর মতো। ঠিক জন্ম নয়, গর্ভধারণ—মানুষের অস্তিস্ত্বের শুরু, আর অবশেষে মৃত্যু। মৃত্যুর মতো এরকম অনিবার্য মুসিবত নিয়ে আমাদের কী করার আছে? এর ওপর কোনোভাবে নিয়ন্ত্রণের কোনো বোধ জাগ্রত করা সম্ভব? আর ‘সুখী মৃত্যু’ বলে কি কিছু হয়? মরগ্যান ফ্রিম্যানের সাথে লুকা মরটিস নামে একটা ছবির কাজ শুরু করছি, যেখানে একটা অ্যাবসার্ড প্রশ্ন ছুড়ে দেওয়া হয়—“মৃত্যু কি আদৌ দরকারি কিছু?”

আমরা সকলেই কমবেশ জটিল মানুষ, তা আমাদের ব্যাকগ্রাউন্ড যাই হোক না কেন; কিন্তু যখন আমরা মারা যাই, একটা বিরাট পরিমাণ জ্ঞান দুনিয়া থেকে জাস্ট উধাও হয়ে যায়। কী নিদারুণ অপচয়! বিবর্তনবাদের এ কেমন খেলা, যেখানে এমন ব্যাপক অপচয় সিস্টেমে ইন-বিল্ট? আমরা যে আজকাল আরো বেশিদিন বেঁচে থাকি—এই আইরনির সাথেও ব্যাপারটা ভালো যায়। তাহলে এর মানে কী দাঁড়ায়? সংখ্যার তালিকায় আরো ক’টা সংখ্যা যুক্ত হওয়া? কোয়ালিটির দিক থেকে কিছু কি হলো? মনে হয় না।

ব্রিটিশ চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্যে ২০১৪ সালে যেবার বাফটা জিতলেন, সেবার বলেছিলেন যে সিনেমাকে প্রতিমূহুর্তে পুনঃআবিষ্কারের মধ্য দিয়ে যেতে হবে। এখনো কি এমনটাই মনে করেন? সিনেমার এই পুনঃআবিষ্কার কি টেকনোলজিক্যাল, যেমন ভার্চুয়াল রিয়েলিটি, নাকি সেটা বিষয়বস্তু আর উদ্দেশ্যের নতুন দিশা খুঁজে বের করা?

গ্রিনঅ্যাওয়ে: এইসব টেকনোলজিক্যাল ইনভেনশন চলচ্চিত্রের মৌলিক কোনো পরিবর্তন আনেনি, তাই না? থ্রিডি নিয়ে এতো হই-হল্লা, কোথায় সব? আমার মতে এসব নতুন নতুন এক্সাইটমেন্ট আসলে চলচ্চিত্রচর্চার প্রতি মানুষের আগ্রহ তৈরির সাথে বেশি সম্পর্কিত। 

আমার দৃষ্টিতে, সিনেমা এখনো ভ্রুণ পর্যায়ে আছে। আশা করেছিলাম এই ডিজিটাল বিপ্লবের হাত ধরে সিনেমা নিজেকে আরো ডেভেলপ করবে; আমার জন্যে বিষয়টা আরো স্পেশাল ছিল, কারণ ফিল্মমেকারদের সামনে সত্যিকার অর্থেই পেইন্টার বনে যাওয়ার একটা সুযোগ তৈরি হয়েছিল। এরচেয়ে বেশি নিবিড়ভাবে ইমেজের ওপর নিয়ন্ত্রণ নেওয়ার সুযোগ আর কখনো আসেনি, সিজিআই ইত্যাদির মাধ্যমে। বিষয়টা দুঃখজনক, মানুষের কল্পনা নতুন কোনোকিছুতে যত দ্রুত এক্সাইটেড হয়ে ওঠে, তারচেয়েও দ্রুতগতিতে আবার নিজের কমফোর্ট জোনে ফেরতও চলে যায়। এতসব টেকনোলজিক্যাল ইনভেনশনের পরেও, সিনেমা সেই ১৮৯৫ এ যা ছিল, তাই আছে। 

আপনি কি মনে করেন এখনো সিনেমার জগতে আপনার দেওয়ার মতো কিছু বাকি আছে? এখনো ছবি করেই যাচ্ছেন।

গ্রিনঅ্যাওয়ে: আমার এখনো বিশটার মতো স্ক্রিপ্ট পড়ে আছে, যেগুলো আমি বানিয়ে যেতে চাই। আমাদের আজকের এই আলাপের একটা কারণ যেহেতু আমার বয়স আশি, এতো ছবি বানানোর সময় আমার নেই। একজন গড়পড়তা সাদা চামড়ার ইউরোপিয়ান পুরুষ সাড়ে একাশি বছরের মতো বাঁচে; সেই হিসাবে আমার হাতে আর বছর দেড়েকের মতো সময় আছে। দেখা যাক কী হয়। আশা করি আপনি ধরতে পারছেন যে আমার মধ্যে চালিয়ে যাওয়ার মতো এনার্জি এখনো টিকে আছে। তো যেটা বললাম আরকি, দেখা যাক।

আপনি ইনশাল্লাহ বিরানব্বই অব্দি তো যাবেনই, পিটার!

গ্রিনঅ্যাওয়ে: উচিত, তাই না?